সীতাকুণ্ডে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন।
উপজেলার ছোট কুমিরা ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব-৭ এর সহকারী পররিচালক এএসপি মাশকুর রহমান জানিয়েছেন।
নিহত দুজনকে 'ডাকাত' বললেও তাদের পরিচয় জানাতে পারেনি র্যাব। দুজনের বয়স আনুমানিক ২৪ ও ৩২ বছর।
এএসপি মাশকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে মহাসড়কে টহল দেওয়ায় সময় আমাদের কাছে খবর আসে ব্রিজের নিচে একদল ডাকাত অবস্থান করছে।
“আমাদের টহল দলের সদস্যরা সেখানে গেলে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়লে দুইপক্ষের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।”
দুই পক্ষে কিছু সময় ‘গুলি বিনিময়ের পর’ ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুই জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে এই র্যাব কর্মকর্তা জানান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশুটার গান, ৩১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
