২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দিলে হত্যার হুমকি, চবি শিক্ষকের জিডি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ফোন করে সন্ত্রাসী সুব্রত বাইনের নামে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 02:18 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

হুমকি পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদ মঙ্গলবার হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “সুব্রত বাইনের নাম দিয়ে কেউ উনাকে ফোন করে চাঁদা চেয়েছে। এ অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।”

অধ্যাপক আনোয়ার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে বিভাগের সভাপতির কক্ষে ছিলাম। ওই সময় +৯১৮০১৭৮২২৭২৫ নম্বর থেকে আমার ব্যক্তিগত মোবাইলে ফোনে এক ব্যক্তি কল নিজেকে সেভেন স্টার গ্রুপের সুব্রত বাইন পরিচয় দেয়।

“ওই ব্যক্তি বলেন তাদের বাহিনীর কয়েকজন সদস্য অসুস্থ হয়ে কলকাতায় আছে এবং তাদের জন্য অর্থ সহায়তা দিতে বলে। অন্যথায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়।”

তিনি বলেন, “বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, বিভাগের সভাপতিকে মৌখিকভাবে জানিয়েছি।”

পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন বলে জানান এই শিক্ষক।