কর্ণফুলীতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার
বিকল নৌকা থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার রাত ১২টার দিকে কর্ণফুলী নদীতে নৌবাহিনীর ২ নম্বর জেটি সংলগ্ন এলাকা থেকে হাবিবুর রহমান (৩০) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি জানান।
শেরপুর জেলার শ্রীবাদী এলাকার আবদুল করিমের ছেলে হাবিব জুলধা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে লাশটি ভেসে উঠলে নৌবাহিনীর পক্ষ থেকে খবর দেওয়া হয়। আমরা তখন সেখানে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে হাবিবের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।”
এ নিয়ে লাফিয়ে পড়ে নিখোঁজ হওয়া তিনজনের সবার লাশই উদ্ধার হল।
গত রোববার সন্ধ্যায় ডাঙ্গার চর থেকে যাত্রী নিয়ে নগরীর সল্টগোলা ঘাটে যাওয়ার সময় ইঞ্জিনচালিত একটি নৌকা বিকল হয়ে যায়।
ভাটার টানে নৌকাটি ভেসে জেটি ও জাহাজের মাঝখানে চলে যাওয়ায় আতঙ্কিত কয়েকজন আরোহী নদীতে লাফিয়ে পড়েন।
স্থানীয় জেলেরা কয়েকজনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ থাকেন। পরে নৌ বাহিনীর বিএনএফডি সুন্দরবন ডক ঘাট এলাকা থেকে মঙ্গলবার সকালে মো. আকবর (৩৬) ও মো. হানিফের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
