২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

বিকল নৌকা থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 11:26 AM

Updated : 18 Aug 2022, 05:06 PM

নৌ বাহিনীর বিএনএফডি সুন্দরবন ডক ঘাট এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিখোঁজ আরও একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম হৃদয় জানান, যাদের লাশ উদ্ধার হয়েছে তারা ডাঙ্গারচর এলাকার মো. আকবর (৩৬) ও মো. হানিফ (৩৫)।

রোববার সন্ধ্যায় ডাঙ্গার চর থেকে যাত্রী নিয়ে নগরীর সল্টগোলা ঘাটে যাওয়ার সময় বিকল হয়ে যায় ইঞ্জিন চালিত একটি নৌকা। ভাটার টানে নৌকাটি ভেসে জেটি ও জাহাজের মাঝে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে কয়েকজন আরোহী নৌকা থেকে নদীতে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও তিনজন নিখোঁজ থাকেন।

মঙ্গলবার দুজনের লাশ পাওয়া গেলেও জুলধা পাওয়া প্ল্যান্টের কাজে থাকা নির্মাণ শ্রমিক হাবিবুর রহমানের কোনো খোঁজ মেলেনি এখনও। তার খোঁজে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

পুরনো খবর:

কর্ণফুলিতে লাফিয়ে পড়ে নিখোঁজদের সন্ধান মেলেনি
ইঞ্জিন বিকলের পর নৌকা থেকে কর্ণফুলিতে লাফিয়ে দুজন নিখোঁজ