কর্ণফুলিতে লাফিয়ে পড়ে নিখোঁজদের সন্ধান মেলেনি
বিকল নৌকা থেকে কর্ণফুলিতে লাফিয়ে পড়ে নিখোঁজদের সন্ধান মেলেনি ২৪ ঘন্টায়ও।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকে চারজন নিখোঁজ হওয়ার কথা বললেও আমরা তিনজনের পরিচয় শনাক্ত করেছি।”
দুর্ঘটনার পরপর আকবর ও হানিফ নামে দুই জনের নাম জানা গেলেও হাবিবুর রহমান নামে ৩০ বছর বয়েসী এক যুবকও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
দমকল বাহিনী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের পাশাপাশি ডুবুরিরাও কাজ করছে। আমরা সকাল থেকে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করে কারও সন্ধান পাইনি।”
রোববার সন্ধ্যায় কর্ণফুলি উপজেলার ডাঙ্গার চর থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে নগরীর কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটে যাত্রী পারাপার করছিল। সল্টগোলা ঘাটের কাছে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ভাটার টানে নৌকাটি ভেসে জেটি ও জাহাজের মধ্যে চলে যাওয়ার সময় সেখান থেকে কয়েকজন নদীতে লাফ দেন।
তাদের মধ্যে কয়েকজনকে জেলে ও স্থানীয়রা উদ্ধার করলেও তিনজন নিখোঁজ রয়েছেন।
জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাফিয়ে পড়া দুইজন ডাঙ্গারচরের বাসিন্দা মো. হানিফ ও মো. আকবর বলে রোববার নিশ্চিত হওয়া গিয়েছিল।
সকালে জুলধা পাওয়ার প্ল্যান্টের শ্রমিকরা জানিয়েছেন, হাবিবুর রহমান নামে তাদের এক সহকর্মী নিখোঁজ রয়েছেন।
হাবিবুর রহমান পাওয়ার প্ল্যান্টে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পাওয়া ট্যাংক নির্মাণ শ্রমিক বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম।
