২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিন বিকলের পর নৌকা থেকে কর্ণফুলিতে লাফিয়ে দুজন নিখোঁজ

চট্টগ্রামে কর্ণফুলি নদী পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হওয়ার পর নৌকা থেকে লাফিয়ে পড়ে অন্তত দুজন নিখোঁজ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 09:40 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

রোববার সন্ধ্যায় কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ডাঙ্গার চর থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা নগরীর সল্টগোলা ঘাটে আসছিল। ঘাটে ভেড়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় নদীতে ভাটা থাকায় নৌকাটি ভাসতে ভাসতে বন্দর জেটি ও জাহাজের মাঝামাঝি স্থানে ঢুকে যাওয়ার সময় কয়েকজন লোক ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেন।

তবে লাফিয়ে পড়াদের মধ্যে ডাঙ্গারচরের বাসিন্দা মো. হানিফ ও মো. আকবরকে পাওয়া যায়নি বলে ওই নৌকার যাত্রীদের বরাত দিয়ে জানান তিনি।

তাদের সন্ধানে কোস্ট গার্ড, নৌ বাহিনী ও ফায়ার সার্ভিস নদীতে তল্লাশি চালাচ্ছে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন।

কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর থেকে নগরীর সল্টগোলা ঘাটে প্রতিদিন ইঞ্জিন চালিত নৌকায় মানুষজন পারাপার হয়ে থাকেন।