চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২
চট্টগ্রামে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল সিম ও ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বন্দর নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির জমির উদ্দিন লেইনের একটি বাসায় সোমবার রাতে এই অভিযান চালিয়ে এসব উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল মোতালেব (৪০) ও বেলায়েত হোসেন (৩৪)।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল বাসাটিতে ভিওআইপি সরঞ্জাম ব্যবহার করে বিদেশে টেলিফোন করা হয়।
“সে সংবাদের ভিত্তিতে বিটিআরটিসির একটি টিমসহ আমরা ওই বাসায় অভিযান চালাই।”
সেখান থেকে বিভিন্ন অপারেটরের ৭০৫টি মোবাইল সিম, তিনটি চ্যানেল বক্স, দুইটি রাউটার, একটি সিমবিহীন রাউটার, দুইটি ল্যাপটপ ও দুইটি চার্জার, একটি আইপিএসসহ এবং কেবল উদ্ধার করা হয়।
আটক দুজন আগেও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
