ফেরারী মা-ছেলে গ্রেপ্তার
সাজার পরোয়ানা নিয়ে পলাতক মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী সদর উপজেলা এবং চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়াখান নগরে অভিযান চালিয়ে রোববার রাতে তাদের গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।
তারা হলেন স্বরস্বতী বৈদ্য (৫৩) ও সুমন দে ওরফে সাগর বৈদ্য (৩২)।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর আলকরণ এলাকা থেকে ২০১১ সালে ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন স্বরস্বতী ও তার ছেলে সাগর। এই মামলায় কয়েকমাস কারাগারে থেকে জামিনে ছাড়া পান তারা।
“এরপর তারা পালিয়ে যায়। গত বছরের ২৭ মে মামলায় স্বরস্বতী ও তার ছেলে সাগরের যাবজ্জীবন কারাদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।”
ওসি নেজাম বলেন, জামিনে ছাড়া পেয়েও তারা মা-ছেলে মাদক ব্যবসা করতেন। গত বছরের মাঝামাঝি সময়ে মাদকবিরোধী অভিযান জোরালো হওয়ার পর তারা আলকরণ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সাগর ফেনী সদর উপজেলায় ও স্বরস্বতী আলকরণ ছেড়ে বাকলিয়া থানার মিয়াখান নগরে বাসা ভাড়া করে থাকা শুরু করে।
ওসি নেজাম জানান, আদালতের সাজা পরোয়ানার নথি সদরঘাট থানায় পৌঁছানোর পর অভিযান শুরু করা হয়। অভিযানে সাগরকে ফেনী থেকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশের একটি দল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার মাকে নগরীর বাকলিয়া থানার মিয়া থান নগর থেকে গ্রেপ্তার করা হয়।
