২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 12:51 AM

Updated : 18 Aug 2022, 04:54 PM

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিমকে সভাপতি এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে অ্যাসোসিয়েশনের ৬১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

শনিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অ্যাসোসিয়েশনের এক সভায় এই কমিটি গঠিত হয়।

কমিটিতে নয়জন সহ-সভাপতি, চারজন যুগ্ম সম্পাদক, চারজন সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, ১৮ জন সম্পাদমণ্ডলীর সদস্য এবং ২৪ জন সদস্য রাখা হয়েছে।

সহ-সভাপতি পদে আছেন ফরিদুন্নাহার লাইলী, আবুল কদর, মো. নাজি উদ্দিন, খোরশেদ আলম চৌধুরী, মাহবুবুর রহমান আজাদ, ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী মাসুম, জামাল উদ্দিন আহমেদ, এস এম জাকির হোসেন ও শাহ মোহাম্মদ সেলিম।

অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।”

শনিবারের সভায় চবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য ড. শিরীন আক্তার অ্যাসোসিয়েশনের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ এবং চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম।

মারুফ আহমদ মনসুরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক, সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবুল কদর, সাবেক চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, সাবেক সচিব খোরশেদুল আলম চৌধুরী, সাবেক এনবিআর সদস্য ড. মাহবুবুর রহমান আজাদ, সাবেক স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, চাকসু নেত্রী রোকসানা ইসলাম রীতা, আমিন হেলালী প্রমুখ।

সভায় অ্যাসোসিয়েশনের খসড়া সংবিধান সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।