২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া গাড়ি উদ্ধার, হোতা সাবেক চালক গ্রেপ্তার

চট্টগ্রামে চুরি যাওয়া একটি পিক-আপ ভ্যান উদ্ধার এবং চুরির মূল হোতা গাড়িটির সাবেক চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 07:20 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

পুলিশের ভাষ্য, ‘মাদকের টাকা জোগাড় করতেই’ সাবেক চালক গাড়িটি চুরি করেছিলেন।

বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার শাহ মিরপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাড়িটির সাবেক মো. জাহেদ উল্লাহ (৩১) ও মো. জসীম (৩৪)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ জানুয়ারি গভীর রাতে আলকরণ এলাকা থেকে পিক-আপটি চুরি হয়। বর্তমান চালক মো. সাঈদ রাতে গাড়িটি রাস্তার পাশে পার্ক করে আলকরণ দুই নম্বর গলিতে তার বাসায় যান।

“প্রায় আধা ঘণ্টা পরে সাঈদ বাসা থেকে এসে গাড়ি দেখতে না পেয়ে মালিককে জানায়। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গাড়ি না পেয়ে পুলিশকে জানায়।”

রুহুল আমিন বলেন, “আমরা অভিযোগ পেয়ে প্রথমে জাহেদ উল্লাহকে আটক করি। পরে জিজ্ঞাসবাদে সে গাড়ি চুরির কথা স্বীকার করে। এর পর জসীমকে আটক করে কর্ণফুলী থানার শাহ মিরপুর থেকে বৃহস্পতিবার গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা রুহুল আরও জানান, গাড়ির বর্তমান চালক সাঈদ ও জাহেদের বাসা আলকরণ এলাকায়। জাহেদ আগে পিক-আপটি চালালেও মাদকাসক্ত হওয়ায় মালিক তাকে গাড়িটি দেননি।

পুলিশ পরিদর্শক রুহুল বলেন, জিজ্ঞাসাবাদে জাহেদ জানিয়েছেন, মাদকের টাকা জোগাড় করতে জসীমের সহযোগিতায় গাড়িটি চুরি করে শাহ মিরপুর নিয়ে রাখেন এবং গাড়িটির নম্বর প্লেট পাল্টে বিক্রি করার চেষ্টা করছিলেন।