২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ফল বাতিলের দাবিতে চট্টগ্রামে বাম জোটের কর্মসূচি

একাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি করেছে বাম গণতান্ত্রিক জোট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 10:47 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

বাম জোটের পক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন,  “ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে জোর করে কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।”

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, “এ নির্বাচনের ফলাফল ও অবস্থা দেখেই বোঝা যাচ্ছে দলীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।“

জোট-মহাজোটের বাইরে এসে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বানও জানান সিপিবি নেতা অশোক।

২০১৪ সালে বিএনপি জোটের পাশাপাশি বাম দলগুলোও নির্বাচন বর্জন করেছিল। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যায় বামজোটের নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবেই তারা এই নির্বাচনে অংশ নেন।

নির্বাচন বাতিলের দাবিতে এদিন ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশেও একই কর্মসূচি পালন করছে বাম জোট।

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম-১৪ আসন থেকে সিপিবি প্রার্থী ও জেলা কমিটির সভাপতি আব্দুল নবী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ও সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী সেহাব উদ্দিন, চট্টগ্রাম-১১ আসনের বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী অপু দাশ গুপ্ত, সিপিবি নেতা অমৃত বড়ুয়া, কানাই লাল দাশ, বাসদ নেতা নুরুল হুদা নিপু, আল কাদেরী জয়, গণসংহতি নেতা অপূর্ব নাথসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ভোটের ফল বাতিলের দাবিতে বামজোটের অবস্থান কর্মসূচি
ভোটের পর প্রথম প্রতিবাদ কর্মসূচিতে বাম জোট
নির্বাচন ঘিরে কী চায় বাম দলগুলো?
বাম জোটও নির্বাচনে আসছে ‘আন্দোলনের অংশ হিসেবে’