২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে সৈয়দ ইবরাহিমের উপর হামলা

চট্টগ্রামের হাটহাজারীতে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 09:19 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

বুধবার বিকালের এই হামলায় তার সমর্থকদের কয়েকজন আহত হয়েছেন। হামলার জন্য কাটিরহাট এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন ইবরাহিম।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক সেনা কর্মকর্তা ইবরাহিম। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ।

সৈয়দ ইবরাহিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মইন্যা পুকুর পশ্চিম পাড় এলাকায় গাড়িবহর নিয়ে গণসংযোগে গেলে বিপরীত দিক থেকে আসা মিছিল থেকে তার কর্মীদের উপর হামলা হয়।

“আমাদের কর্মীরা এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলছিল। তখনই উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইয়াসিনের ওপর হামলা শুরু হয়। পরে অন্য নেতাকর্মীদের উপরও হামলা হয়।”

এসময় পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সৈয়দ ইবরাহিম।

“ওই বাড়ির নারী সদস্যরা আমাকে ও সঙ্গে থাকা দুজনকে আশ্রয় দেয়। হামলাকারীরা তালা ভেঙে ওই বাড়িতে ঢুকে ভাংচুর করে। আমাকে খুঁজতে থাকে। অশ্লীল ভাষায় চিৎকার করতে করতে চলে যায়।”

ইউএনওকে ফোন দেওয়ার পর বিজিবি এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে জানান সৈয়দ ইবরাহিম।

তিনি বলেন, “হামলাকারীরা কাটিরহাট এলাকার ছাত্রলীগ সদস্য। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি তার কর্মী বাহিনীকে সংযত করতে ব্যর্থ হয়েছেন। এটা সরকার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিহিংসার রাজনীতির নগ্নতার বহিঃপ্রকাশ।”

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচারণার সময় ৮-১০ জন যুবক সৈয়দ ইবরাহিমের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এসময় হামলা হয়। তবে এতে কেউ আহত হননি।

“খবর পেয়ে দ্রুততম সময়ে আমরা সেখানে গেছি। উনি আমাদের জানিয়ে গেলে আমরা আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করতাম।”

হামলার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি জানিয়ে ওসি বলেন, “করলে ব্যবস্থা নেওয়া হবে।”