২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইস্পাত কারখানায় ৪ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামে একটি ইস্পাত কারখানায় ফার্নেস লিকেজ হয়ে গলানো লোহায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 08:32 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

বুধবার সকালে কুমিরার ‘গোল্ডেন ইস্পাত’ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিজান (৩৩), শামীম মিয়া (২৫), সোহেল রানা (৩৫) ও সোহাগ (২৮)

কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটিতে লোহা গলানোর সময় ফার্নেস লিকেজ হয়ে উদগিরিত লোহায় চারজন দগ্ধ হয়েছে।

আহতদের মধ্যে সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনজনের মধ্যে সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে সোহাগকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানিয়েছেন।

সোহাগের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

আর আহত মিজান ও শামীমকে বেসরকারি আল আমীন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার এসআই আমির হামজা।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, সকালে কারখানার যেখানে লোহা গলানো হয় সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে শেডের চারপাশের দেয়ালের ওপরের অংশে প্লাস্টিকের বোর্ডগুলো পুড়ে গেছে।