২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাক্তাই খালে পণ্যবোঝাই ট্রলারে আগুন

চট্টগ্রামের চাক্তাই খালে একটি ট্রলারে আগুন লেগে পুড়ে গেছে ভোগ্যপণ্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 09:12 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদী সংলগ্ন চাক্তাই খালে মালবোঝাই করার সময় নূরুল হুদার মালিকানাধীন ট্রলারে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারের মহেশখালীতে পণ্য নিয়ে যাওয়ার আগে ট্রলারটিতে মালামাল তোলা হচ্ছিল। ট্রলারের চুলা বা জ্বলন্ত বিড়ি-সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

“ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ওই ট্রলারে আলী আকবর নামের এক ব্যক্তির চাল-ডাল-ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আগুনে বিভিন্ন মালামাল পুড়ে গেলেও ক্ষয়ক্ষতি এখনো নিরুপণ করা যায়নি।

রাত নয়টা পর্যন্ত ট্রলারের পুড়ে যাওয়া মালামাল ডাম্পিংয়ের কাজ চলছিল।