২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হারুণ হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রামে যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী হারুণুর রশিদ চৌধুরী হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 05:53 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে রোববার অভিযোপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার এসআই অলি উল্লাহ।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রভুক্ত আসমিদের মধ্যে সাতজনকে গ্রেপ্তারের পর তাদের পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অভিযোপত্রে মোহাম্মদ আলমগীরকে এক নম্বর আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- সাব্বির আলম হৃদয়, মো. সালাউদ্দিন দুলাল, শরবত আলমগীর, মো. কায়সার, মোশাররফ হোসেন লিটন, তানভীর হোসেন শাওন, তৌকির হোসেন সেজান, জসিম উদ্দিন, মামুন হোসেন, নুর ইসলাম, সাবের আহমদ, মাসুদ, এহসানুল হক মেহেদী, রেজভী হাসান, শরিফ আহমেদ, মো. নুর নবী ও মো. মুরাদ খান।

ওসি নেজাম জানান, মামলার এজাহারে নিহত হারুণের ছোটভাই হুমায়ুন চৌধুরী দশজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অনেকের কথা উল্লেখ করেছিলেন।

পুলিশের তদন্তে আরও আটজনের সম্পৃক্ততা উঠে আসায় তাদের নাম অভিযোগপত্রে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হত্যার ঘটনায় সাক্ষী রাখা হয়েছে ২৫ জনকে।

গত ৩ ডিসেম্বর বিকালে সদরঘাট থানাধীন কদমতলী শুভপুর বাস স্ট্যান্ডের অদূরে পশ্চিম মাদারবাড়ি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিচে গুলি করে হারুণকে হত্যা করে দুর্বৃত্তরা।

হারুণ পরিবহন ব্যবসার পাশাপাশি চট্টগ্রাম মহানগর যুবদলের রাজনীতিতে যুক্ত ছিলেন।

তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড়ভাই মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, কদমতলীর শুভপুরে ট্রাক স্ট্যাডকেন্দ্রিক ব্রোকারদের কমিশনের টাকা ভাগ-বাটোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

পুরনো খবর:

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা
হারুণ হত্যায় আরেকজন গ্রেপ্তার