২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন, যিনি যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে দাবি বিএনপি নেতাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

নিহত হারুণুর রশিদ চৌধুরী (৩৮) চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে। নগরীর কদমতলী এলাকাতে তাদের বাড়ি। 

রোববার সন্ধ্যায় কদমতলী শুভপুর বাস স্ট্যান্ডের অদূরে পশ্চিম মাদারাবড়ি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিচে সন্ত্রাসীরা হারুণকে গুলি করে বলে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানিয়েছেন।

“গুরুতর আহতাবস্থায় হারুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হারুণের বুকের দুই পাশে ও ঘাড়ে গুলির চিহ্ন রয়েছে।

হাসপাতালে হারুণের লাশ দেখতে এসে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর দাবি করেছেন, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের চাঁদাবাজির প্রতিবাদ করায় হারুণ খুন হয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, নিহত হারুণ সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে স্থানীয় রাহাত সেন্টারে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উদযাপনে যুবলীগ ও ছাত্রলীগের একটি অনুষ্ঠান ছিল।

ওই অনুষ্ঠান শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, পাশ্ববর্তী মোগলটুলী ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও সিআরবি জোড়া খুন মামলার আসামি সাইফুল ইসলাম লিমনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়।

সে সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নিচে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন হারুণ। মিছিলটি চলে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন যুবক হারুণের কাঁধে ও বুকের দুই পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি জোন) জাহাঙ্গীর আলম বলেন, “আনন্দ শোভাযাত্রা চলে যাওয়ার পর পেছন থেকে কিছু যুবক তাকে গুলি করেছে। আমাদের ধারণা এটা টার্গেট কিলিং।বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

হারুণের চাচী ও নগর বিএনপির নেত্রী ডা. কামরুন নাহার দস্তগীর জানান, কয়েক মাস আগে হারুণের মা ও বড় ভাই মারা গেছেন।

তিনি বলেন, “এলাকায় হারুণ বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি স্থানীয়দের নিয়ে বিভিন্ন কাজ করতেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরেই তাকে হত্যা করা হয়েছে।”