২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক সাংবাদিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 06:57 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

মারধরের শিকার মিনহাজ ‍তুহিন দৈনিক আলোকিত বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।

সোমবার বেলা দেড়টার সময় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেল স্টেশনে মিনহাজকে মারধর করার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।

“পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়।”

সাংবাদিক মিনহাজ তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক শিক্ষার্থীকে র‌্যাগিং করার কারণ জানতে চাইলে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রূপক এবং তার সাথে থাকা তানভীর, মাহিন ও পলাশ আমাকে এলোপাতাড়ি মারধর করে।

“এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।”

মিনহাজের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাংবাদিককে মারধরের অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য মাহমুদুল হাসান রূপক বলেন, “জুনিয়রদের সাথে ভুল বুঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার জন্য আমি নিজেও দুঃখিত।”