২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা আরেকটি হত্যামামলায় গ্রেপ্তার

পুলিশের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি এহেতাশামুল হক ভোলাকে ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 07:40 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মো. নোমান বৃহস্পতিবার এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার এ মামলায় ভোলাকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ।

২০১৫ সালের ১৬ মার্চ নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট ব্রিজের নিচে মাজার বাড়ি এলাকার নিজ বাসা থেকে তেলের ভাউজার (তেলবাহী গাড়ি) চালক আব্দুল গফুরের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই আমিরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন।

গত বছরের ৬ অক্টোবর থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আদালত তা অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়।

২০১৬ সালের ৫ জুন সন্তানকে স্কুলে দিতে যাওয়ার নগরীর ওআর নিজাম রোডে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।

হত্যাকাণ্ডের প্রায় ২৩ দিন পর বাবুল আক্তারের সোর্স ভোলাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রটির জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয় তার নাম।

গত মে মাসে মিতু হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নার্সিং শিক্ষিকা অঞ্জলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ভোলাকে। এই মামলায়ও উচ্চ আদালতের জামিন পায় ভোলা।

জামিন আদেশ হওয়ার পরপর ভোলাকে ভাউজার চালক আব্দুল গফুর হত্যা মামলায় গ্রেপ্তারের আবেদন করা হয়।

পুরনো খবর:

আবারও আটকে গেল ভোলার মুক্তি
মিতু হত্যায় জামিন হলেও ছাড়া পাচ্ছেন না ভোলা