মিতু হত্যায় জামিন হলেও ছাড়া পাচ্ছেন না ভোলা
চট্টগ্রামে সাবেক এসপিপত্মী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি পেয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের আবেদনে সাড়া দিয়ে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভুঁইয়া ২০১৫ সালে শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
২০১৬ সালে নগরীর ও আর নিজাম সড়কে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই মামলার গ্রেপ্তার হয়ে প্রায় দুই বছর বছর কারাবন্দি ভোলার বিরুদ্ধে মিতুকে হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।
সম্প্রতি মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিন পান ভোলা, সেই আদেশ চট্টগ্রামে পৌঁছানোর দুই দিনের মধ্যেই আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে তাকে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে শুনানিতে বলেছি, ভোলা একজন অস্ত্র ব্যবসায়ী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ১৮টি মামলা আছে, যার মধ্যে অধিকাংশ হত্যা ও অস্ত্র আইনে।
মাহমুদা আক্তার মিতু
মিতু হত্যা মামলায় ভোলার উচ্চ আদালতের জামিন আদেশ মঙ্গলবার এসে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, “অঞ্জলী রানী হত্যা মামলায় তাকে রিমান্ডে চাওয়া হবে।”
অঞ্জলী রানী দেবী ছিলেন চট্টগ্রাম নার্সিং কলেজের সিনিয়র শিক্ষিক। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরীর পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
অঞ্জলী রানী দেবী
এর পরের বছর ২০১৬ সালের ৫ জুন নগরীর ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। সে সময় তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।
ওই হত্যাকাণ্ডের ২৩ দিনের মাথায় মনির নামে এক সহযোগীসহ ভোলাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
