২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও আটকে গেল ভোলার মুক্তি

শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না পুলিশের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি এহেতাশামুল হক ভোলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 08:17 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

মঙ্গলবার ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় ভোলাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে গোয়েন্দা পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় ভোলাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

“গোয়েন্দা পুলিশের এ আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী বৃহস্পতিবার শুনানির দিন রেখেছেন। ওইদিন ভোলাকে আদালতে হাজির করতে বলা হয়েছে।”

২০১৫ সালের ১৬ মার্চ নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট ব্রিজের নিচে মাজার বাড়ি এলাকার নিজ বাসা থেকে তেলবাহী গাড়ির চালক আব্দুল গফুরের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই আমিরুল হক অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

গত বছরের ৬ অক্টোবর থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আদালত তা অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে আদেশ দেয়।

২০১৬ সালের ৫ জুন সন্তানকে স্কুলে দিতে যাওয়ার সময় নগরীর ওআর নিজাম রোডে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।

হত্যাকাণ্ডের ২৩ দিন পর বাবুল আক্তারের সোর্স ভোলাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

ভোলা গত মে মাসে মিতু হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নার্সিং শিক্ষিকা অঞ্জলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও উচ্চ আদালত থেকে জামিন পান ভোলা।

জামিন আদেশ হওয়ার পরপর ভোলাকে ভাউজার চালক আব্দুল গফুর হত্যা মামলায় গ্রেপ্তারের আবেদন করা হয়।

পুরনো খবর:

মিতু হত্যায় জামিন হলেও ছাড়া পাচ্ছেন না ভোলা