২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা রক্ষায় ‘একমত’ হল  সিডিএ গঠিত কমিটি

হালদা নদী রক্ষার স্বার্থে বামনশাহী খাল পুনঃখনন ও অনন্যা আবাসিক এলাকার মাস্টার ড্রেনেজ সিস্টেমে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপিসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপনে মতৈক্যে এল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গঠিত কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 11:04 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

পুরনো খবর:

ঢলের পানিতে শিল্পবর্জ্য: হালদায় ‘অশনি সংকেত’
হালদা দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন
হালদায় ডিম সংগ্রহ
`সমন্বয়হীনতায় ধ্বংসের মুখে হালদা'
‘হালদা দূষণ বন্ধ না হলে বিপন্ন হবে চট্টগ্রাম’
নদী দূষণের কারণে চট্টগ্রামে পেপার মিল বন্ধ
চবিতে হালদা গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু

বৃহস্পতিবার দুপুরে হালদার দূষণ বন্ধে করণীয় নির্ধারণে বৈঠকের পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গঠিত কমিটি অনন্যা আবাসিক এলাকা পরিদর্শন করে।

পরিদর্শন শেষে খাল পুনঃখনন ও অনন্যা আবাসিক এলাকায় আধুনিক ড্রেনেজ সিস্টেম স্থাপনের বিষয়ে তারা একমত হন।

হালদা নদী রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দূষণ বন্ধে হালদা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার পর সিডিএ এই কমিটি গঠন করে।

“আজ প্রথমবারের মত আমরা সভায় মিলিত হই। তারপর পরিদর্শনে যাই।”

গত জুনে ঢলে ভেসে আসা শিল্পবর্জ্য মিশে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর দূষণকে ‘স্মরণকালের ভয়াবহ’ চিহ্নিত করে এই সুপারিশ করেছিল হালদা রক্ষা কমিটি।

১৯ জুন রাত থেকে এই দূষণ শুরু হওয়ার পরের দুইদিন হালদা এবং এর অববাহিকার বিলগুলোতে প্রচার মাছ মরে ভেসে ওঠে।

আগে অক্সিজেন থেকে কুলগাঁও পর্যন্ত এলাকার শিল্পবর্জ্য বামন খালের মাধ্যমে কর্ণফূলীতে যেত।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনন্যা আবাসিক এলাকা নির্মাণ কাজ চলাকালে বামনশাহী খাল ভরাট হওয়ায় এ বছর অতিবৃষ্টিতে বিপরীতমুখী প্রবাহ সৃষ্টি হয়ে হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নসহ পাশ্ববর্তী গ্রামগুলোতে বর্জ্য মিশ্রিত পানি ঢুকে পড়ে।

পাশাপাশি খন্দকিয়া ও কাটাখালী খাল হয়ে মদুনাঘাট এলাকায় হালদা নদীতে গিয়ে মিশছে।

অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, “কর্ণফুলীর সাথে বামন শাহী খালের সংযোগ বন্ধ থাকায় বিপরীত দিকে শহীদুল্লাহ পাড়া দিয়ে একটি জলধারার সৃষ্টি হয়েছে।

“এই প্রবাহ শিকারপুর এলাকার বিভিন্ন বিলের উপর দিয়ে প্রবাহিত হয়ে খন্দকিয়া ও কাটাখালি খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বর্ষায় এসব এলাকার সব পুকুর-বিল তলিয়ে যায় বারবার।”

হালদা রক্ষা কমিটির প্রস্তাবের মধ্যে ছিল- বামনশাহী খাল পুনঃখনন, শহীদুল্লাহ পাড়া দিয়ে সৃষ্ট জলপ্রবাহ বন্ধ করা, অনন্যা আবাসিক এলাকার ড্রেনেজ সিস্টেমের সাথে হালদার সংযোগ বন্ধ করা, সংলগ্ন চারটি খাল পুনঃখনন এবং অনন্যা আবাসিক এলাকায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন।

মনজুরুল কিবরিয়া বলেন, “কমিটির সবাই একমত হয়েছেন যে স্বল্প মেয়াদে বামন শাহী খাল পুনঃখনন এবং অনন্যা আবাসিক এলাকায় উন্নত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করতে হবে।

“আগামী বৈঠকের পর কমিটির লিখিত সুপারিশ আমরা সিডিএ চেয়ারম্যানকে দেব। তারপর পদক্ষেপ নেওয়া হবে।”

বামন শাহী খাল ‘দ্রুত সংস্কারে’ একমত পোষণ করে কমিটির সদস্য সচিব সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংস্কারের অভাবে বামন শাহী খাল অনেকটা ভরাট হয়ে গেছে।

“আশেপাশের শিল্প কারখানার বর্জ্য এই খালে না পড়লেও গিয়ে পড়বে কর্ণফুলীতে। তাই এসব কারখানায় ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস) স্থাপন খুব জরুরি। অনন্যা আবাসিক এলাকায় এখনো জনবসতি শুরু হয়নি। এই আবাসিকের মাস্টারপ্ল্যান অনুসারে ড্রেনেজ ব্যবস্থা ও এসটিপি স্থাপনের পরিকল্পনা আমাদের আছে।”

সিডিএ গঠিত কমিটির এই সভায় উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, কমিটির সদস্য সচিব ও সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, হালদা নদী রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, শিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকি, বুড়িশ্চর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিক, ইঞ্জিনিয়ার আবু ইসা আনসারি।