২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলার আবেদন

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যু নিয়ে  নানা ঘটনার পর এবার থানায় মামলার আবেদন করেছেন তার বাবা রুবেল খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 02:21 PM

দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল বুধবার বিকালে চকবাজার থানায় দাখিল করা এজাহারে চার চিকিৎসককে আসামি করেছেন।

চার চিকিৎসক হলেন শিশু বিশেষজ্ঞ বিধান রায় চৌধুরী, ম্যাক্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দেবাশীষ সেন গুপ্ত, শুভ্র দেব ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী।

চকবাজার থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এজাহারটি গ্রহণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর মামলাটি গ্রহণ করব।”

এজাহারে রুবেল খান অভিযোগ করেন, চার চিকিৎসকের অবহেলা ও গাফিলতিতে রোগ সঠিকভাবে নির্ণয় না হওয়া এবং ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও অতিরিক্ত মাত্রায় সেডিল প্রয়োগের কারণে তার আড়াই বছর বয়সী মেয়েটির মৃত্যু হয়েছে।

Image
রুবেল খানের সঙ্গে মেয়ে রাইফা

রুবেল খানের সঙ্গে মেয়ে রাইফা

তিনি বলেছেন, অ্যান্টিবায়েটিক রাইফার শরীরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও তা বারবার প্রয়োগ করা হয়ছিল। পরে ওষুধের আলামতও নষ্ট করে দেওয়া হয়।

রুবেল দাবি করেছেন, প্রয়োগ করা অ্যান্টিবায়েটিক মেয়াদোত্তীর্ণ কি না, তা যাচাই করতে সংরক্ষণ করার কথা বলা হলেও চিকিৎসকরা তা সরিয়ে ফেলেছিলেন।

আলামত নষ্টের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দুই ধরনের মৃত্যু সনদও দিয়েছিল বলে দাবি করেন এই সাংবাদিক।

গলায় ব্যথা হওয়ায় রাইফাকে গত ২৮ জুন বিকালে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডা. বিধান রায়ের অধীনে চলছিল তার চিকিৎসা। ২৯ জুন রাতে তার মৃত্যু হয়।

‘ভুল চিকিৎসায়’ রাইফার মৃত্যুর অভিযোগ তুলে সাংবাদিকরা বিক্ষোভ করলে পুলিশ ওই হাসপাতালে তখন কর্তব্যরত এক চিকিৎসক ও এক নার্সকে ধরে থানায় নিলে চিকিৎসকরা ক্ষুব্ধ হন। বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

এরপর চট্টগ্রামের চিকিৎসক ও সাংবাদিকরা দাঁড়ায় মুখোমুখি অবস্থানে; দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করেন। এর মধ্যে র‌্যাব ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করলে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে এক দিনের ধর্মঘটও পালিত হয়।      

Image
এই হাসপাতালেই মৃত্যু ঘটে রাইফার

এই হাসপাতালেই মৃত্যু ঘটে রাইফার

এদিকে রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।

সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি তাদের প্রতিবেদন কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ম্যাক্স হাসপাতালের বিভিন্ন ত্রুটির কথা তুলে ধরে।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবকে বরখাস্ত করে। তবে বিধান রায় তাদের নিয়োগপ্রাপ্ত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারার কথা জানিয়ে বলে, এই চিকিৎসককে আর হাসপাতালে ডাকবেন না তারা।

পুরনো খবর:

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
অপপ্রচার বন্ধ না করলে সাংবাদিকদের চিকিৎসা নয়: বিএমএ নেতা
ভুল চিকিৎসায় মৃত্যু: ম্যাক্স হাসপাতালে ১১ ত্রুটির সন্ধান
চট্টগ্রামের ৩ চিকিৎসকের শাস্তি দাবি সাংবাদিক ইউনিয়ন নেতাদের
ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি মিলেছে’ তদন্তে