২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

দশ বছর আগের ডাকাতির মামলায় এক আসামিকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 08:06 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

দণ্ডপ্রাপ্ত মো. মনির জামিন নিয়ে পলাতক আছেন।

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহাদাত হোসেন ভুঁইয়া এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অজয় বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ জুন রাত দেড়টার দিকে হাটহাজারীর পূর্ব মেখলে কুয়েত প্রবাসী দুই ভাই নাছির উদ্দিন ও বেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়।

এসময় ওই বাড়িতে ছিলেন তাদের মা নুরজাহান বেগম, নাছিরের স্ত্রী কামরুন নাহার ও সন্তান মফিজ।

আইনজীবী অজয় বোস বলেন, পাঁচ-সাত জনের ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে সাড়ে ৩৪ হাজার টাকা এবং ৫৭ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

“যাওয়ার সময় ওই বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।”

এ ঘটনায় নাছিরের শ্যালক জসিম উদ্দিন মামলা করেন।

ওই মামলার পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে ২০০৯ সালের ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের ১০ অগাস্ট অভিযোগ গঠন করা হয়।

এই মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দেওয়া রায়ে অন্য চার আসামিকে খালাস দেয় আদালত।