চট্টগ্রামে ইনহাস হত্যায় এক আত্মীয় গ্রেপ্তার
চট্টগ্রামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রিজুয়ান কবির রাজু খুন হওয়া ইনহাস বিনতে নাছিরের চাচীর ছোট ভাই। চট্টগ্রাম আদালতের এই শিক্ষানবীশ আইনজীবীই হত্যাকাণ্ডের পর ইনহাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজুকে গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বন্দরনগরীর বাকলিয়ার ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় লায়লা ভবন নামে একটি ভবনের ষষ্ঠ তলায় গলা কেটে হত্যা করা হয় মেরন সান স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র্রী ইনহাসকে।
ইনহাসের বাবা মো. নাছির সৌদি আরবে থাকেন। নাছিরের স্ত্রী নাসরিন আক্তার খুশব তিন মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।
খুশবু সেদিন জানিয়েছিলেন, সকালে মেজ মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পর বড় মেয়েকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকার শুনে রাজু এসে ইনহাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বাসার আলমারি থেকে কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলেও পরিবারের সদস্যরা সেদিন দাবি করেছিলেন।
হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার রাতে ইনহাসের নানা নাসির উদ্দিন বাকলিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ এর আগে বলেছিলেন, দুটি বিষয় মাথায় রেখে তারা তদন্ত করছেন। কেউ চুরি করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা- তা যেমন দেখছেন, তেমনি স্বজন কিংবা পরিচিত কেউ জড়িত কিনা- তাও খতিয়ে দেখা হচ্ছে।
রাজুকে গ্রেপ্তার করার পর ওসি প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা যাচ্ছে না।”
