২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিক হত্যা মামলায় রিমান্ডে শোভন

অনিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জোবায়েদ আহম্মদ শোভনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 07:39 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

শোভনের ছোট ভাই জোনায়েদ আহম্মদ ইমনের সঙ্গে অনিকের ছোট ভাই রনিকের হাতাহাতি থেকে এই হত্যাকাণ্ড ঘটে। শোভনই অনিককে ছুরিকাঘাত করেছিলেন বলে পুলিশের ভাষ্য।

সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দির চক্রশেলা এলাকা থেকে গ্রেপ্তার শোভন ও ইমনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে শোভনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিন।

অপরদিকে ইমন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার রিমান্ড শুনানি করার আদেশ দিয়েছে আদালত।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বলেন, “আসামিপক্ষের আইনজীবীরা আদালতে ইমনের বয়স ১৮ বছরের কম দাবি করে নথিপত্র উপস্থাপন করেন।”

ঈদের পরদিন গত ১৭ জুন বিকালে বন্ধুদের সঙ্গে মটরসাইকেল নিয়ে ব্যাটারি গলিতে গিয়ে ইমনের সঙ্গে বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান রনিক। এর জের ধরে রাতে চট্টেশ্বরী রোডের মুখে তার বড় বাই এম আর অনিককে (২৬) ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এই ঘটনায় অনিকের বাবা মো. নাছির বাদী হয়ে চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি মহিউদ্দিন তুষার ও ১০ নম্বর আসামি এখলাসুর রহমান মালয়েশিয়া পালানোর উদ্দেশ্যে ভারতে পালিয়ে যান। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত ২২ জুন তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরও খবর

অনিক হত্যা: রিমান্ডে তুষার ও এখলাস  

‘মালয়েশিয়া পালাতে চেয়েছিলেন অনিক হত্যার দুই আসামি’