২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিক হত্যা: রিমান্ডে তুষার ও এখলাস

অনিক হত্যা মামলায় ভারত থেকে গ্রেপ্তারের পর দেশে ফিরিয়ে আনা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 08:52 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলকাতা থেকে ফিরিয়ে আনা মহিউদ্দিন তুষার ও এখলাসুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

বুধবার শুনানির দিন ছিল জানিয়ে তিনি বলেন, “শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আল ইমরান খান দুই আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।”

এছাড়া মামলার দুই আসামি জোনায়েদ আহম্মদ ইমন ও তার বড় ভাই জোবায়েদ আহম্মদ শোভনকেও হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ জুন রাতে চট্টেশ্বরী রোডের মুখে প্রকাশ্যে খুন করা হয় এম আর অনিককে (২৬)।

এই ঘটনায় অনিকের বাবা মো. নাছির চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন।

মামলার পর প্রধান আসামি মহিউদ্দিন তুষার ও ১০ নম্বর আসামি এখলাসুর রহমান ভারতে পালিয়ে যায়। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত শুক্রবার ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে তুষার ও এখলাসুরকে গ্রেপ্তারের পর বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

আর সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রশেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইমন ও শোভনকে। মঙ্গলবার বিকালে তাদের চট্টগ্রাম নিয়ে আসা হয়।

পুরনো খবর:

‘মালয়েশিয়া পালাতে চেয়েছিলেন অনিক হত্যার দুই আসামি’