‘মালয়েশিয়া পালাতে চেয়েছিলেন অনিক হত্যার দুই আসামি’
ভারত হয়ে মালয়েশিয়া পালাতে চেয়েছিলেন চট্টগ্রামের অনিক হত্যা মামলার দুই আসামি মহিউদ্দিন ও এখলাসুর। সেজন্য কলকাতা পর্যন্ত যেতে পারলেও পুলিশের দ্রুত তৎপরতায় ধরে পড়ে যান সেখানে, ফিরিয়ে আনা হয় দেশে।
অনিক হত্যার এই দুই আসামিকে চট্টগ্রাম এনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গত শুক্রবার ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে মহিউদ্দিন তুষার ও এখলাসুর রহমানকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
তুষার মামলার প্রধান ও এখলাসুর রহমান ১০ নম্বর আসামি।
সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার মাহাবুবর বলেন, “ঘটনার পরপর তারা দুইজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। আমরা সেখানে এসটিএফকে বিষয়টি অবহিত করি।
“বাংলাদেশ ও ভারতীয় পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর দুই আসামির ভিসা বাতিল করে ভারতীয় পুলিশ। পাশাপাশি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দুই আসামিকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত নিয়ে আসি।”
এত দ্রুত সময়ে এর আগে কোনো আসামিকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি বলেও জানান সিএমপি কমিশনার।
মাহাবুবর বলেন, “দুই আসামি ভারত হয়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। কয়েকদিন দেরি হলেই তারা সেখান থেকে মালয়েশিয়া পালিয়ে যেত।”
দুই আসামিকে চট্টগ্রামে নিয়ে আসার পর অনিক হত্যাকাণ্ডের সময় যে পিস্তল থেকে ফাঁকা গুলি ছোড়া হয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তার আরও দুইজন
এদিকে অনিক হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তারের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
জোবায়েদ আহম্মদ শোভন
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন জানান, কুমিল্লার দাউদকান্দির চক্রশেলা এলাকা থেকে শোভন ও ইমনকে দাউকান্দি থানা পুলিশের সহায়তায় সোমবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের চকবাজার থানা পুলিশের একটি দল দুই ভাইকে আনতে দাউদকান্দি গেছে বলে জানান তিনি।
ইমনের সঙ্গে অনিকের ছোট ভাই রনিকের বাকবিতণ্ডা ও মারামারির জেরে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের পর দিন রণিক বাইক চালিয়ে ব্যাটারি গলিতে যাওয়ার পর ইমনের সঙ্গে বিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুই পক্ষ চট্টেশ্বরী রোডের মোড়ে জড়ো হয় এবং সেখানে খুন হন অনিক।
পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জেনেছি সেদিন শোভন অনিকের বুকে প্রথম ছুরিকাঘাত করে। পরে মিন্টু ও ইমন আঘাত করে। আর ফাঁকা গুলি করে মহিউদ্দিন তুষার।”
তুষার ও এখলাসের আগে থেকেই ভারত ও মালয়েশিয়ার ভিসা ছিল জানিয়ে তিনি বলেন, “অনিক মারা যাওয়ার খবর শুনে তুষার এখলাসকে নিয়ে রাতেই ঢাকার যাত্রাবাড়ি চলে যায়। পরদিন বেনাপোলের বাস ধরে এবং ১৯ জুন তারা ভারতে প্রবেশ করে।”
গত ১৭ জুন রাতে চট্টেশ্বরী রোডের মুখে প্রকাশ্যে খুন হন অনিক।
এই ঘটনায় অনিকের বাবা মো. নাছির চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা করেছেন।
