২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া ক্যাপ্টেনের খোঁজ মেলেনি

চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটিতে জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিদেশি জাহাজের ক্যাপ্টেনের সন্ধান মেলেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 07:47 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

নিখোঁজ ক্যাপ্টেনের খোঁজে মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত নদীতে তল্লাশী চালানো হয়।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মো. আবদুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার অভিযান অব্যাহত আছে। তবে এখনো ক্যাপ্টেনের সন্ধান মেলেনি।

“ঘটনার বিষয়ে শিপিং এজেন্টের মাধ্যমে ক্যাপ্টেনের পরিবারের সদস্যদের জানানো হয়েছে।”

সোমবার রাত পৌনে নয়টার দিকে সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভিনিয়া নামের জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে যান ক্যাপ্টেন মারেকাপোলস ভেসিলিয়াস। গ্রিসের নাগরিক এই ক্যাপ্টেনের বয়স ৫৭ বছর।

সোমবার রাতে জাহাজের ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে তিনি নদীতে পড়ে যান।

নৌকাডুবিতে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার

এদিকে রোববার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীর লাশ মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট সংলগ্ন তীর থেকে লাশ উদ্ধার করা হয়।

তার নাম আব্দুল মালেক (৪৩)। তিনি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের ডাঙ্গার চর এলাকার মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মো. আবদুল গাফফার জানান, লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন। পরে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

রোববার রাত সোয়া আটটার দিকে কর্ণফুলী নদীর ৫ নম্বর ঘাট এলাকার অদূরে নৌকাডুবির ঘটনা ঘটে। একটি স্পিডবোটের ধাক্কায় নৌকাটি ডুবে গিয়েছিল বলে এর যাত্রীরা জানিয়েছিলেন। ওই নৌকায় ১৫ জনের মত যাত্রী ছিল।

নৌকার এক যাত্রী নিখোঁজ জেনে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পুরনো খবর:

বন্দরে জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন নিখোঁজ
কর্ণফুলীতে নৌকা ডুবে নিখোঁজ ১