২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নৌকা ডুবে নিখোঁজ ১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন এক যাত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 10:20 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

রোববার রাত সোয়া ৮টার দিকে কর্ণফুলী নদীর ৫ নম্বর ঘাট এলাকার অদূরে নৌকাটি ডুবে যায়।

এতে ১৫ জন যাত্রী ছিল বলে উদ্ধার হওয়া কয়েকজন জানিয়েছেন।

নৌকাটির এক যাত্রী নিখোঁজ আছেন এবং তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রাত ১০টা নাগাদও উদ্ধার অভিযান চলছিল, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

অন্য একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে এই নৌকা ডুবে যায় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন।

তবে ডুবে যাওয়া নৌকার যাত্রী তিন তরুণ দাবি করেছেন, একটি স্পিডবোটের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

বন্দর থানার বিএসসি মেরিন শিপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশের ঘাট থেকে কর্ণফুলী থানার ডাঙ্গার চর এলাকার উদ্দেশে নৌকাটি ছেড়ে গিয়েছিল।

জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঝনদীর কাছাকাছি পৌঁছানোর পর অন্য একটি নৌকা ধাক্কা দিলে সেটি উল্টে যায়।”

নৌকাটিতে সাজ্জাদ, ইফতি ও শাকিব নামে তিন তরুণ ছিলেন, যারা অন্য একটি নৌকার মাধ্যমে উদ্ধার পান।

এই তিন তরুণ নদী পড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝনদীতে একটি স্পিডবোটের ধাক্কায় তাদের নৌকার একাংশ ভেঙে গেলে এতে পানি উঠতে শুরু করে। তখন তারা সহ অন্য যাত্রীদের আরেকটি নৌকা উদ্ধার করে।

নৌকায় ১৫ জনের মতো যাত্রী ছিলেন জানিয়ে সাজ্জাদ বলেন, একজনকে তারা পানিতে ডুবে যেতে দেখেছেন।

ফায়ার সার্ভিসের জসিম বলেন, নৌকার যাত্রীদের ভাষ্য অনুযায়ী একজন নিখোঁজ বলে তারা ধারণা করছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।