বন্দরে জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন নিখোঁজ
চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটিতে একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেন জাহাজ থেকে কণর্ফুলী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।
সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভিনিয়া জাহাজের ওই ক্যাপ্টেনের নাম মার্কোপোলস ভেসিলিয়াস। গ্রিসের নাগরিক এই ক্যাপ্টেনের বয়স ৫৭ বছর।
স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভিড়ে।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্ণেল মো. আবদুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ক্যাপ্টেন।”
দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি- ১২ উদ্ধার অভিযান শুরু করলেও রাত ১১টা পর্যন্ত নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মেলেনি।
দুর্ঘটনার সময় কর্ণফুলী নদীতে ভাটা ছিল। জাহাজ থেকে নাবিকেরা বয়া ছুঁড়ে দিলেও তীব্র স্রোতের কারণে তা ক্যাপ্টেন ধরে রাখতে পারেননি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দর কর্মকর্তা।
