২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত হল আখতারুজ্জামান ফ্লাইওভারের হাজার মিটার দীর্ঘ লুপ

নির্মাণকাজ চলাকালে সৃষ্ট নাগরিক দুর্ভোগের অবসান ঘটিয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বন্দরনগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের এক হাজার ৩০০ মিটার দীর্ঘ লুপটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 09:52 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

খুলেছে আখতারুজ্জামান ফ্লাইওভার
চট্টগ্রামে ফ্লাইওভারের মুরাদপুর-লালখান বাজার অংশ খুলল
চট্টগ্রামে ফ্লাইওভারের নির্মাণসামগ্রী পড়ে শিক্ষার্থী আহতের অভিযোগ
রোজা শুরুর আগের দিন যানজটে নাকাল চট্টগ্রামবাসী

শুক্রবার বিকালে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় একমাত্র এই লুপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, “এই ফ্লাইওভারের নির্মাণকাজ চলার সময় চট্টগ্রামের মানুষ অনেক কষ্ট করেছে। এখন যুগ যুগ ধরে সুফল ভোগ করবেন।”

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের বেবি সুপার মার্কেট সংলগ্ন অংশ থেকে শুরু হয়ে লুপটি ফ্লাইওভারের সিডিএ এভিনিউ’র সিঅ্যান্ডবি কলোনি অংশে গিয়ে যুক্ত হয়েছে।

এই লুপ ব্যবহার করে বায়েজিদ বোস্তামী সড়ক ধরে আসা যানবাহন ফ্লাইওভার হয়ে লালখান বাজারমুখী হয়ে চলাচল করতে পারবে।

তবে ভারি যান চলাচল বন্ধ করতে লুপের শুরুতে লোহার কাঠামো দিয়ে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে।

এই লুপ দিয়ে ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে আবদুচ ছালাম বলেন, “মূল সড়ক থেকে লুপের (উড়াল সড়কের সাথে অন্য রাস্তার সংযোগ) সর্বোচ্চ উচ্চতা প্রায় ৮০ ফুট। তাই কোনো ঝুঁকি নিতে চাই না।

“নিরাপত্তার কথা বিবেচনা করে এ ধরনের ভারি গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অন্য সব গাড়ি চলবে।”

২০১৪ সালের ১২ নভেম্বর নগরীর মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত চার লেনের আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের মার্চে।

গত বছরের ১ সেপ্টেম্বর ফ্লাইওভারটির মূল অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

শুরুতে পাঁচ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের নির্মাণ ব্যয় ধরা হয় ৪৬২ কোটি টাকা।

পরে ফ্লাইওভারের দুই নম্বর গেইট এলাকায় নতুন একটি লুপ এবং জিইসি মোড় এলাকায় আরও একটি র‌্যাম্প যোগ হয়ে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৯৮ কোটি টাকা।

সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে এ বছরের জুন পর্যন্ত করা হয়।

নির্মাণকাজ চলাকালে বিভিন্ন সময় নির্মাণ সামগ্রী পড়ে গিয়ে যানবাহনের ক্ষতি ও শিক্ষার্থী আহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এছাড়াও ফ্লাইওভারটি নির্মাণাধীন থাকায় নিয়মিত যানজট এবং বৃষ্টিতে কর্দমাক্ত সড়কে যান চলাচলে চরম ভোগান্তির শিকার হন নগরবাসী।

শুরুতে এই ফ্লাইওভারের দুই নম্বর গেইট ও জিইসি মোড় এলাকায় একটি করে মোট দুটি র‌্যাম্প হওয়ার কথা ছিল। বর্তমানে জিইসি মোড় এলাকার ‍দুটো র‌্যাম্পের নির্মাণ কাজ চলছে।

লালাখানবাজার থেকে দুই নম্বর গেইট হয়ে ফ্লাইওভার থেকে নামার জন্য বর্তমানে নির্মাণাধীন র‌্যাম্পটি আগামী ঈদুল আজহায় খুলে দেওয়া হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান।

সিডিএর অধীনে ফ্লাইওভারটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-রেঙ্কিন (জেভি) ।