২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারমার্স ব্যাংকে রাখা টাকা ফেরত পাচ্ছে বন্দর কর্তৃপক্ষ

ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংকে টাকা রেখে যে উদ্বেগে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তার প্রশমন ঘটেছে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 07:25 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

ওই ১৮০ কোটি টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পাওয়া গেছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৩১তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারমার্স ব্যাংকে জমা রাখা টাকা ফেরতের অগ্রগতি বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজের কাছে জানতে চান সাংবাদিকরা।

কমডোর জুলফিকার আজিজ তখন বলেন, “এ বিষয়ে মেম্বার ফিন্যান্স বলবেন।”

এরপর বন্দর পর্ষদ সদস্য (ফিন্যান্স) কামরুল আমিন বলেন, “ফারমার্স ব্যাংকে গত দু’বছরের মধ্যে আমরা কোনো ডিপোজিট রাখিনি। আগে যেগুলো ছিল, সেগুলো রিনিউ হয়েছে।

“যখন পত্রিকায় দেখি, তখন কনসার্ন হয়ে গেলাম বিভিন্ন নিউজ আসার কারণে। পরবর্তী পর্যায়ে ফারমার্স ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নেওয়ার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।”

কামরুল আমিন বলেন, “সে অনুযায়ী তাদেরকে চিঠি দিয়েছি। সাথে সাথে বাংলাদেশ ব্যাংককেও আমরা ইনফর্ম করেছি, যাতে টাকাগুলো তুলে নেওয়া যায়। বাংলাদেশ ব্যাংক আমাদের নিশ্চিত করেছে যে টাকাগুলো রিকভার করে দেবে। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

নানা অনিয়মে জড়িয়ে চার বছরেই ধুঁকছে বেসরকারি ফারমার্স  ব্যাংক। ফলে পদত্যাগে বাধ্য হয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান সরকারদলীয় সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর।

ব্যাংকটিকে পতনের হাত থেকে রক্ষা করতে উদ্যোগী হয়েছে সরকার।

Image
ফারমার্স ব্যাংক এখন সঙ্কটে

ফারমার্স ব্যাংক এখন সঙ্কটে

বেসরকারি ফারমার্স ব্যাংকে জমা রাখা টাকা তুলে নেয়ার বিষয়ে গত জানুয়ারিতে সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ওই ব্যাংকে টাকা জমা রেখে ফেরত না পাওয়ার বিষয়ে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

ফারমার্স ব্যাংকে রাখা টাকার পরিমাণ জানতে চাইলে কামরুল আমিন বলেন, “১৮০ কোটি টাকা। গত দুবছরে দেখবেন আর কোনো ডিপোজিট হয়নি।

“প্রথম থেকেই টাকা রিকভারের জন্য তাগাদা দিচ্ছি। চূড়ান্তভাবে বাংলাদেশ ব্যাংক থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে টাকাটা দিয়ে দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দরের পর্ষদ সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর শাহীন রহমান এবং পর্ষদ সদস্য (ইঞ্জিনিয়ারিং) ক্যাপ্টেন খন্দকার আখতার হোসেন।

পুরনো খবর:

ফারমার্স ব্যাংকে টাকা রেখে বিপত্তিতে পরিবেশ মন্ত্রণালয়
জলবায়ু তহবিলের টাকা ফারমার্স ব্যাংকে কেন: সংসদীয় কমিটি