২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী হারুণ হত্যার প্রতিবাদে সমাবেশ

চট্টগ্রামে যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী হারুণ অর রশিদ চৌধুরী হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 06:40 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

বৃহস্পতিবার বিকালে কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পলাশী চত্বরে ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটির’ ব্যানারে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে আগামী রোববার পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি, ১৩ ডিসেম্বর সংহতি সমাবেশ ও ১৮ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।

গত ৩ ডিসেম্বর গুলি করে হত্যা করা হয় স্থানীয় হারুণকে। বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুব ও ছাত্রলীগকে দায়ী করেন।

হারুণ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে আয়োজিতত আনন্দ শোভাযাত্রা থেকে কিছু সন্ত্রাসী হারুণকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ওই শোভাযাত্রায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, পাশ্ববর্তী মোগলটুলী ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও সিআরবি জোড়া খুনের মামলার আসামি সাইফুল ইসলাম লিমন নেতৃত্ব দিয়েছিলেন।

বৃহস্পতিবারের সমাবেশে হারুণের বড় বোন রাহেলা বানু হত্যাকাণ্ডের দিন পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, “হারুণকে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশকে বলেছি, তারা ফাঁকা গুলি ছুঁড়লেও সন্ত্রাসীদের গুলি করেনি।”

আওয়ামী লীগ-বিএনপি বিচার না করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সেদিনের সমাবেশে উপস্থিত তিন কাউন্সিলরের সমালোচনা করে তিনি বলেন, “ওইদিন আপনারা তিন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আপনারা পাহারা দিয়ে হত্যাকারীদের চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আজকের প্রতিবাদ সমাবেশে কেউ আসেননি।”

নগর বাইশ মহল্লার সর্দার শওকত আলীর সভাপতিত্বে ও সুফিয়ার রহমান টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হারুণের চাচী কামরুন্নাহার দস্তগীর, বড় ভাই হুমায়ুন রশিদ চৌধুরী, স্থানীয় মহল্লা সর্দার নুরুল ইসলাম, নুরুল আবসার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বাসদ নেত্রী জান্নাতুল ফেরদৌস পপি।

পুরনো খবর:

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা
চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা