২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডিসহ ৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

এক কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 07:23 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন ব্যবসায়ী ইকবাল করিম তালুকদার।

তবে মামলায় তিন কর্মকর্তার কারোর নাম উল্লেখ করা হয়নি বলে বাদীর আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

অপর আসামি দুজনের মধ্যে একজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার, আরেকজন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এভিনিউ শাখার ব্যবস্থাপক।

লাভলু বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম সিডিএ এভিনিউ নাসিরাবাদ শাখায় বাদীর তিনটি ব্যাংক হিসাব থেকে তার অজ্ঞাতসারে মোট এক কোটি ১৮ লাখ ২০০ টাকা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তারা।

“এর মধ্যে একটি সিসি অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ সাত হাজার টাকা, একটি কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৬৫ লাখ ৬৩ হাজার শাখা এবং একটি এসওডি অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ ৮০ হাজার দুইশ টাকা আত্মসাৎ করা হয়েছে।”

২০১০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি সময়ের মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

বাদীর আইনজীবী বলেন, বাদীর স্বাক্ষর জাল করে এবং নকল নথিপত্র তৈরি করে ব্যাংক কর্মকর্তাদের টাকা আত্মসাতের বিষয়ে জানতে পারার পর গতমাসে লিগ্যাল নোটিস পাঠানো হয়।

“ব্যাংক কর্মকর্তারা সেই নোটিস গ্রহণ করলেও কোনো জবাব দেননি। পরবর্তীতে এ বিষয়ে জানতে বাদী টেলিফোনে যোগাযোগ করলেও তার সাথে দুব্যর্বহার করা হয়।”

এরপর মঙ্গলবার আদালতে ৪০৯, ৪৭১, ৪৬৭ ও ১০৯ ধারায় মামলাটি করেন তিনি।