২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদীপ্ত খুনের কারণ জানতে পুলিশ খুঁজছে নিপুকে

অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ফেইসবুকে লেখালেখির কারণে চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস খুন হয়েছেন বলে তার ঘনিষ্ঠরা দাবি করলেও পুলিশ এখনও তা নিশ্চিত নয়।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 07:51 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

কী কারণে তিন সপ্তাহ আগে সদলবলে বাড়িতে গিয়ে সুদীপ্তকে পিটিয়ে মারা হয়েছে, তার উত্তর এখনও মেলেনি পুলিশ কর্মকর্তাদের কাছে।

গ্রেপ্তার চারজনের জবানিতে উঠে আসা আইনুল কাদের নিপু নামের যুবককে ধরতে পারলেই হত্যাকাণ্ডের কারণ ও মূল নির্দেশদাতার নাম জানা যাবে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলছেন, যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হামলাকারী দলে থাকলেও কী কারণে সুদীপ্তকে মারতে গিয়েছিলেন, তা জানাতে পারেননি।

গত ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাতনামা সাত/আটজনকে আসামি করে একটি মামলা করেছেন।

Image
সুদীপ্ত বিশ্বাস

সুদীপ্ত বিশ্বাস

পুলিশ মোক্তার, বাবু, খায়ের ও পাপ্পু নামে চারজনকে গ্রেপ্তার করেছে। মোক্তার ও পাপ্পু হত্যকাণ্ডে আদালতে স্বীকারোক্তিতে হামলার নির্দেশদাতা হিসেবে নিপুর নাম বলেছেন।

তাদের ভাষ্য, সরাসরি অংশ না নিলেও নিপু লালখান বাজার এলাকা থেকে পুরো বিষয়টি দেখভাল করেছিলেন।

সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র নিপু ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ওই কলেজ থেকে অনার্স সম্পন্ন করা নিপু আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।  

ছাত্রলীগ নেতাকর্মীরা বলে আসছেন, কয়েক দশক ধরে সিটি কলেজ ছাত্রলীগের নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা থাকলেও কয়েক বছর আগে তার বিপরীতে একটি অংশ দাঁড়ায়। তাদের একাংশের নেতৃত্বে আছেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।

Image
সুদীপ্তর বাসা দক্ষিণ নালাপাড়া এলাকায় ঢোকার আগে মোটর সাইকেলে হত্যাকারীরা, আরোহী তিনজনের মধ্যে শেষের সাদা স্ট্রাইপে কালো টি-শার্ট পরা মোক্তার।

সুদীপ্তর বাসা দক্ষিণ নালাপাড়া এলাকায় ঢোকার আগে মোটর সাইকেলে হত্যাকারীরা, আরোহী তিনজনের মধ্যে শেষের সাদা স্ট্রাইপে কালো টি-শার্ট পরা মোক্তার।

তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, “হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করা হলেও কী কারণে সুদীপ্তকে খুন করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারকৃতরা তাদের বড় ভাইয়ের নির্দেশে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বললেও কারণ জানত না বলে দাবি করেছে।”

তিনি বলেন, “জবানবন্দিতে আইনুল কাদের নিপু নামে একজনের নাম এসেছে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলেই প্রকৃত কারণ উদঘাটন হবে।”

সুদীপ্তর সহপাঠীরা বলছেন, অভিযোগ ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে সুদীপ্ত ফেইসবুকে লেখালেখি করতেন। তাতেই ওই অংশের নেতারা তার প্রতি ক্ষিপ্ত হন।

গ্রেপ্তার মোক্তার বলেছেন, হত্যাকাণ্ডের আগের দিন ৫ অক্টোবর রাতে নিপুর নির্দেশে তারা লালখান বাজার কর্ণেল হোটেলের পাশে শাহী গলিতে জড়ো হয়েছিলেন। নিপু তাদের পরদিন ভোরে লালখান বাজার এলাকায় দলবল নিয়ে আসতে বলেছিলেন।

Image
মোক্তার হোসেন

মোক্তার হোসেন

সেই নির্দেশ মেনে পরদিন ভোরে লালখান বাজারে গেলে নিপুর নির্দেশনা অনুযায়ী কয়েকটি অটো রিকশা ও তিনটি মোটর সাইকেলে করে তারা দক্ষিণ নালাপাড়ায় সুদীপ্তর বাসায় গিয়েছিলেন বলে দাবি মোক্তারের।

মোক্তার বলেছেন, সুদীপ্তকে দুজন গিয়ে বাসা থেকে ডেকে আনার পর লোহার পাইপ, কাঠ, লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। ২৫ থেকে ৩০ জন গেলেও সুদীপ্তের উপর হামলায় অংশ নিয়েছিলেন ছয়জন। বাকিরা শুধু অবস্থান নিয়ে ছিলেন।

পুরনো খবর:

সুদীপ্তকে হত্যা ‘বড় ভাইদের নির্দেশে’, মোক্তারের স্বীকারোক্তি
সুদীপ্ত হত্যায় ‘সরাসরি অংশ নেন’ গ্রেপ্তার মোক্তার