ড্রামের ভেতরে যুবকের সেই লাশ পরিবারকে হস্তান্তর
চট্টগ্রামে যুবককে খুন করে ড্রামের ভেতরে করে দিঘীতে ফেলে দেওয়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নগরীর চৈতন্যগলি বাইশ মহল্লা কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুনের উপস্থিতিতে লাশটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৩ অগাস্ট নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার রানীর দিঘীতে ঢালাই করা ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর পুলিশ সেটি বেওয়ারিশ হিসেবে চৈতন্যগলি বাইশ মহল্লা কবরস্থানে দাফন করেছিল।
পরে পুলিশ তদন্ত করে লাশটি পশ্চিম রাউজান লুদি চৌধুরীর বাড়ির বাসিন্দা রেজাউল করিমের ছেলে ইমরানুল করিম ওরফে ইমন নামে নামে এক যুবকের বলে শনাক্ত করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমনের ছোট ভাই ইরফানুল করিম লাশটি পরিবারের কাছে হস্তান্তরের জন্য আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়।
লাশ তোলার সময় স্থানীয় ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষে ইরফানুল করিম ও তার এক চাচাত ভাই লাশটি গ্রহণ করেন।
এ ঘটনার তদন্তে কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী অমিত মুহুরির সম্পৃক্ততা পায় পুলিশ। গত ২ সেপ্টেম্বর কুমিল্লা সদর থানা এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে অমিতকে এবং তার আগে শিশির ও শফি নামে দুইজনকে গ্রেপ্তার করে।
হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।
