পটিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের পটিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার শাহ আলম (৪৪) কক্সবাজারের উখিয়ার রত্নপালং এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় একটি ট্রাক তল্লাশি করে এসব ইয়াবা পাওয়ার কথা জানানো হয় র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, ভেল্লাপাড়ার রুবেল স্টোরের সামনে কক্সবাজার থেকে আসা ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকে থাকা শুকনো বড়ইয়ের বস্তা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী ট্রাক এবং ট্রাকে থাকা ৩৩০ বস্তা বড়ইও জব্দ করেছে র্যাব সদস্যরা।
কক্সবাজারের উখিয়া উপজেলার সেলিম মিয়া নামে এক ব্যক্তি জব্দ ইয়াবার মূল মালিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তার শাহ আলম।
সেলিমকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
