সন্দ্বীপে নৌকাডুবি: আরও ৩ লাশ উদ্ধার
চট্টগ্রামের সন্দ্বীপে বঙ্গোপসাগরে নৌকাডুবির দুই দিন পর আরও তিন জনের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে সন্দ্বীপ থানার ওসি শামসুল আলম জানান।
এরা হলেন- সন্দ্বীপের মুসাপুর গ্রামের হাফেজ উল্লাহ (৫৫) ও কাছিয়াপাড়া গ্রামের মাইনুদ্দিন (৩৫) এবং টেকনাফের বাসিন্দা শামসুল আলম (৩১)।
রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ স্থানীয়ভাবে ‘লাল বোট’ নামে পরিচিত একটি নৌকা ডুবে যায় ।
ওই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার হল; এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে।
