সন্দ্বীপে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫
চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ পাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় হাফেজ মো. আমিন রসুল (৪৫) নামের ওই ব্যক্তির লাশ ভেসে ওঠে।
পরে পরিবারের সদস্যরা ছবি দেখে তাকে শনাক্ত করেন বলে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম জাকারিয়া জানান।
তিনি বলেন, হাতিয়া থেকে আমিন রসুলের লাশটি সন্দ্বীপে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার বাড়ি সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায়।
রোববার সন্ধ্যার ওই দুর্ঘটনায় এ নিয়ে মোটি পাঁচজনের লাশ উদ্ধার হল।
ইউএনও জাকারিয়া জানান, নৌকার আরোহীদের মধ্যে ১৮ জন এখনও নিখোঁজ বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
রোববার সন্ধ্য সোয়া ৭টার দিকে একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায় স্থানীয়ভাবে ‘লাল বোট’ নামে পরিচিত একটি নৌকা।
সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানান, ঘটনার পর রোববার গভীর রাতে সন্দ্বীপের মগধরা ঘাটের কাছে তিন জনের লাশ পাওয়া যায়। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের কাছে ভেসে ওঠে আরও একজনের লাশ।
ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, সোমবার সকাল পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার করা লাশগুলোর মধ্যে সালাউদ্দিন (৩০), সচিন্দ্র জলদাস (৫৫) ও বড়দা জলদাসের (৬২) বাড়ি সন্দ্বীপ উপজেলায় এবং আব্দুল হকের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
উদ্ধার কাজে অংশ নেওয়া কোস্ট গার্ড পূর্বাঞ্চলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দ্বীপের মানুষ চট্টগ্রামের মূল ভূখণ্ডে যাতায়াত করেন সি ট্রাকে করে। কিন্তু গভীরতা কম থাকায় এসব বড় জলযান ঘাটে যাত্রী নামাতে পারে না।
কয়েকশ মিটার দূরে সি ট্রাক থামিয়ে যাত্রীদের ছোট নৌকায় করে ঘাটে পৌঁছে দেওয়া হয়। এসব ছোট নৌকার খোল লাল রঙের হওয়ায় স্থানীয়দের কাছে তা লাল বোট নামে পরিচিত।
এমনিতে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টাখানেক সময় লাগলেও রোববার বিকাল ৪টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে ছেড়ে আসা সি ট্রাকটি সাগরে ভাটা আর বৈরী আবহাওয়ার কারণে সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছায় সন্ধ্যা ৭টার দিকে।
গুপ্তছড়ায় পৌঁছানোর পর সি ট্রাক থেকে প্রথমবারে তিনটি লাল বোট শতাধিক যাত্রীকে তীরে নামিয়ে দ্বিতীয় দফা পারাপারের সময় একটি নৌকা উল্টে যায়।
এদিকে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বিএনএস অপরাজেয় ও বিএনএস শাহজালাল সোমবার ফায়ার সার্ভিস ও কোস্ট গোর্ডের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
জাহাজের সঙ্গে আট সদস্যের একটি বিশেষায়িত ডুবুরি দল রয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
