নকল স্ট্যাবিলাইজারে নামী কোম্পানির লোগো, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে নামী কোম্পানির লোগো ব্যবহার করে নকল স্ট্যাবিলাইজার তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার নগরীর নন্দনকাননের লায়লা প্লাজা নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তারের পাশাপাশি ভবনের দ্বিতীয় তলা থেকে নকল স্ট্যাবিলাইজার তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)।
গ্রেপ্তাররা হলেন- মিলন কান্তি দাশ (৫২), অরুন দাশ (৩৪) ও মো. রুবেল (২৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লায়লা প্লাজার দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে ওয়ালটন কোম্পানির লোগো ব্যবহার করে নকল স্ট্যাবিলাইজার তৈরি করে বাজারজাত করে আসছিল চক্রটি।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সোমবার তাদের গ্রেপ্তার করে।
অভিযানে ১৫৫টি নকল স্ট্যাবিলাইজার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
