চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানের জরিমানা
অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ট্রেড লাইসেন্স না থাকায় নগরীর ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বাকলিয়া থানার ডিসি রোডে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধে বাংলাদেশ সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় মোল্লা হোটেলকে পাঁচ হাজার, তন্বী জুয়েলার্সকে পাঁচ হাজার, আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপকে চার হাজার, মোল্লা স্টোরকে দুই হাজার এবং ফোরকানি স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং পুলিশ অংশ নেয়।
