কর্ণফুলী উপজেলার শতভাগ এলাকায় বিদ্যুৎ
শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন ও জেলা প্রশাসক সামসুল আরেফিন ভিডিও কনফারেন্সে অংশ নিতে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত গণভবনের সঙ্গে সংযুক্ত হতে পারেননি।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, কর্ণফুলি উপজেলায় প্রায় ১৮৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। এ উপজেলায় উপকেন্দ্রের সংখ্যা দুটি। মোট সংযোগ প্রায় ২৩ হাজার।
কর্ণফুলি উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে সাড়ে ২৮ কোটি টাকা ব্যয় হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
দুই পর্যায়ে দেশের ৪৬০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে গণভবনের অনুষ্ঠানে জানানো হয়।
