২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধার ফুলে ভাষাশহীদদের স্মরণ চট্টগ্রামে

মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার চেয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যারা রাজপথে নেমে জীবন উৎসর্গ করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ী শহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2017, 04:40 PM

Updated : 11 Oct 2022, 01:30 PM

প্রতিবছরের মত এবারও চট্টগ্রামে একুশের মূল আয়োজন ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। একুশের প্রথম প্রহরে বিউগলের করুণ সুরে ভাষাশহীদদের স্মরণ করে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগও এ সময় শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক সামসুল আরেফিন।

মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিও একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণ করে।

ভোরের আলো ফোটার পর থেকে শহীদ মিনার হয়ে ওঠে জনসমুদ্র। সাদা কালো পোশাক পরে, কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ নিয়ে প্রভাতফেরির মিছিলে যোগ দেন হাজারো নরনারী।  

প্রভাতফেরির মিছিল নিয়ে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মিছিলের দৈর্ঘ্য।

স্কুল থেকে মিছিল নিয়ে আসতে থাকে শিক্ষার্থীরা। শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসেন মুক্তিযোদ্ধা, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ। বাবা-মায়ের হাত ধরে শিশুদেরও দেখা গেছে শহীদ মিনারে ফুল নিয়ে আসতে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মঙ্গলবার নগরীজুড়ে হয়েছে নানা অনুষ্ঠান। সকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে শুরু হয় স্ব-রচিত কবিতা পাঠের আসর।  

জামালখানে ডা. খাস্তগীর স্কুলের সীমানা দেয়ালে করা হয়েছে ১৩৬ ফুট দৈর্ঘ্যের টেরাকোটা। এতে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে।

খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে একুশ স্মরণ পরিষদ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন।

তিনি বলেন, “পৃথিবীতে বহু ভাষাভাষী মানুষ থাকলেও কেবল বাংলা জন্যই রক্তদানের ইতিহাস আছে। এ ইতিহাস জানতে হবে। ইতিহাসকে ধারণ করে এগিয়ে যেতে হবে ভবিষ্যতের পথে।”

সঠিক ইতিহাস পড়ার ওপর জোর দেন সিটি মেয়র আ জ ম নাছিরও। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জ্ঞান ও চেতনা সমৃদ্ধ নতুন প্রজন্মই’ বাংলাদেশকে উন্নত জাতিতে পরিণত করবে।

খাস্তগীর স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান, কাউন্সিলর আঞ্জুমান আরা, একুশ স্মরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান শৈবাল দাশ সুমন, সমন্বয়ক শাবানা বানু, আহ্বায়ক রুবেল দাশ প্রিন্স, সদস্য সচিব সুমন কান্তি দে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।