চট্টগ্রামে ‘বিনামূল্যে বিতরণের’ ৫০০০ পাঠ্যবই উদ্ধার
চট্টগ্রামের একটি বাসা থেকে ‘বিনামূল্যে বিতরণের’ পাঁচ হাজারের বেশি পাঠ্যবই উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার রহমতগঞ্জ কে বি আব্দুস সাত্তার রোডের একটি ভবন থেকে বইগুলো উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিনামূল্যে বিতরণের পাঠ্যবই মজুদ আছে খবর পেয়ে কে বি আব্দুস সাত্তার রোডের আবু সাঈদ ভবনের দ্বিতীয় তলায় এক বাসায় অভিযান চালানো হয়।
এসময় বাসা থেকে প্রথম থেকে নবম-দশম শ্রেণির পাঠ্য বিভিন্ন বিষয়ের পাঁচ হাজার ৩৭১টি বই উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা ফজলুল বলেন, বাসাটি নিয়ামত উল্লাহ নামে এক ব্যক্তির ভাড়া করা। অভিযানের আগে তিনি বাসা থেকে সটকে পড়েন।
তিনি আরও বলেন, আন্দরকিল্লা এলাকায় নিয়ামতের একটি বইয়ের দোকান রয়েছে বলে ভবনের প্রহরী ও পাশ্ববর্তীরা জানিয়েছেন।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক ফজলুল।
