২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খোলা ডাস্টবিন অপসারণ শুরু

‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়ার অংশ হিসেবে চট্টগ্রামে খোলা ডাস্টবিন অপসারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 07:13 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

মঙ্গলবার নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে খোলা ডাস্টবিন উচ্ছেদ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, নগরীতে মোট এক হাজার ৩৬০টি এমন খোলা ডাস্টবিন রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই অপসারণ করা হবে।

পরে এক অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নগরীর সৌন্দর্য ও বিশ্বমানের নগরী গড়ার লক্ষ্যে ডাস্টবিনমুক্তকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আবর্জনার বিরূপ প্রভাব ও ক্ষতিকর দিক বিবেচনায় এনে জনস্বার্থে ব্যয়বহুল এ কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নান্দনিক নগরী উপহার দেওয়ার প্রত্যয় ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।”

এ জন্য নগরীর নানা শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন মেয়র।

নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করার অঙ্গীকার ব্যক্ত তিনি বলেন, “মেয়াদ শেষে প্রতিশ্রুতি রক্ষার পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চাই।”

২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসীর জন্য রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত আবর্জনা ফেলার সময় নির্দিষ্ট করে দেন মেয়র। রাতের মধ্যেই সে আবর্জনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের।

বছর না ঘুরতেই সে পরিকল্পনায় হোঁচট খায় সিসিসি। পরবর্তীতে গত বছরের অগাস্ট থেকে নগরীর সাতটি ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে ‘ডোর ‍টু ডোর’ আবর্জনা সংগ্রহে বিন (আবর্জনা রাখার পাত্র) বিতরণ শুরু করে সিসিসি।