২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্তকারীরা দিয়াজের ঘরে

ভিসেরা রিপোর্ট, সংশ্লিষ্টদের সাক্ষ্য ও সব তথ্য-উপাত্ত পাওয়ার পর দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ‘সুন্দর ও সত্য’ প্রতিবেদন দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে পুনঃময়নাতদন্তকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 06:06 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

পুরনো খবর:

দিয়াজের মৃত‌্যু ঘিরে নানা প্রশ্ন-সন্দেহ
দিয়াজ আত্মহত্যা করেছেন: ময়নাতদন্ত প্রতিবেদন
দিয়াজের লাশের ফের ময়নাতদন্ত, এবার ‘আশাবাদী’ মা
আত্মহত্যা কাকে বলে- ফেইসবুকে প্রশ্ন দিয়াজের মায়ের
দিয়াজের মৃত্যু: আসামি টিপু দুষছেন অন‌্য ৪ ছাত্রলীগ নেতাকে

রোববার দিয়াজের লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এই আশার কথা জানান পুনঃময়নাতদন্তকারী দলের প্রধান ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

ছাত্রলীগ নেতা দিয়াজের ঝুলন্ত লাশ তার ক‌্যাম্পাসের বাসা থেকে উদ্ধারের পর থেকে হত‌্যার সন্দেহের কথা বলে আসছিল তার পরিবার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম দফা ময়নাতদন্তে আত্মহত‌্যা বলা হলেও তা না প্রত‌্যাখ‌্যান করে হত‌্যামামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী।

বাদীর আবেদনে আদালতের নির্দেশে দিয়াজের লাশ পুনঃময়নাতদন্ত করে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা দিয়াজের দেহে জখম পাওয়ার কথা জানান।

তবে প্রতিবেদন দেওয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়েছিলেন এই চিকিৎসকরা। সেজন‌্য রোববার দিয়াজের বাসায় যান তারা।  

ডা. সোহেল বলেন, “ময়নাতদন্ত শেষে আরও কিছু এভিডেন্স দরকার বলে মনে হয়েছে। সে তথ্যগুলো সংগ্রহে আমরা এখানে এসেছি।”

দিয়াজের লাশ যে কক্ষ থেকে উদ্ধার করা হয়েছিল, সেখানে বিভিন্ন জিনিসপত্র তারা সংগ্রহ করেছেন ‘সারকামন্সটেনশিয়াল এভিডেন্স’ হিসেবে।

এছাড়াও কিছু ছবি (দিয়াজের মৃতদেহের) ও সুরতহাল প্রতিবেদনের সময় যারা সাক্ষী ছিলেন, তাদের সাক্ষ্যও ডা. সোহেলের নেতৃত্বে ময়নাতদন্তকারী দল সংগ্রহ করছেন।

কাজ এখনও শেষ হয়নি জানিয়ে ডা. সোহেল বলেন, “সুরতহাল প্রতিবেদন যিনি তৈরি করেছেন এবং ওই সময় যে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, তাদের বক্তব্যও নেওয়া হবে। পাশাপাশি প্রথম ময়নাতদন্তকারী দলের সাথেও আমরা কথা বলব।”

ল্যাব থেকে ভিসেরাসহ কিছু নমুনার প্রতিবেদন আসার পর সেগুলো পর্যালোচনা করে ‘দ্রুতই’ প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।

“ভিসেরা রিপোর্ট, সংশ্লিষ্ট সবার বক্তব্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে দিয়াজের মৃত্যুর বিষয়ে একটি সুন্দর ও সত্য প্রতিবেদন দিতেই আজকে এখানে এসেছি আমরা।”

সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের তিন চিকিৎসক দিয়াজের বাসায় যান। তাদের সঙ্গে ছিলেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র সহকারী পুলিশ সুপার অহিদুর রহমান।

এসময় দিয়াজের সমর্থকরা সড়কে ন্যায়বিচার চেয়ে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছিল।

পরে দিয়াজের সমর্থকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর কুশপুত্তলিকা দাহ করে। এসময় দিয়াজের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চেয়ে স্লোগান দেয় তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। বিশ্ববিদ‌্যালয়ের বিভিন্ন কাজের দরপত্র নিয়ে বিরোধে টিপু এই হত‌্যাকাণ্ড ঘটান বলে দিয়াজের পরিবারের দাবি।