চট্টগ্রামে গার্মেন্টস কর্মকর্তাদের ১২ দিনের কর্মশালা শেষ
আন্তজার্তিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় চট্টগ্রামে শেষ হল গার্মেন্টসে উৎপাদন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার নগরীর বিজিএমইএ কার্যালয়ে ‘কমপিটেন্সি বেইজড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসম্যান্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয় বলে বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ এর সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস বলেন, গার্মেন্টস শিল্পে আইএলওর ভূমিকা প্রসংশনীয়।
“উৎপাদনের সক্ষমতা বাড়াতে আমাদের দক্ষতায় ঘাটতি আছে। উৎপাদন বাড়াতে তাই সর্বাধুনিক প্রযুক্তির সর্বাধুনিক প্রশিক্ষণের বিকল্প নেই।”
তিনি প্রশিক্ষণার্থীদের লব্ধ জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ এর পরিচালক সাইফুল্লাহ মনসুর, বিকেটিটিসির অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রশিক্ষক নারায়ণ চন্দ্র খাঁ ও উত্তম কুমার দাস।
বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন উৎপাদন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
