সেবাখাতের মধ্যে বিদ্যুৎ বিভাগই সফল: মহিউদ্দিন
বর্তমানে দেশের সেবাখাতগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগই সবচেয়ে সফল বলে মনে করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকাল সোয়া ১০টায় ‘অদম্য বাংলাদেশ’ স্লোগানে নগরীর আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন মহিউদ্দিন।
শোভাযাত্রার পর বিদ্যুৎ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধ এবং বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই মেয়র বলেন, “চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর না করে আগামী পাঁচ বছর উৎপাদন ও সরবরাহের উন্নতি ঘটানো যায় কিনা তা যাচাই করে দেখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।”
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল মোত্তালিব।
পরে বিদ্যুৎ মেলার উদ্বোধন করেন মহিউদ্দিন চৌধুরী।
