দূরত্ব কমলেই আস্থা বাড়বে: আইজিপি
জনগণের সঙ্গে দূরত্ব কমলেই পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
আর এ দূরত্ব কমাতে যে বিষয়টি জরুরি সেই পারস্পরিক মিথস্ক্রিয়া ‘কমিউনিটি পুলিশিং’ এর মাধ্যমে সম্ভব বলে মনে করেন তিনি।
বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে শহীদুল হক বলেন, “এখনকার সমস্যা হলো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-মাদক। উন্নয়নের পূর্বশর্ত শান্তি শৃঙ্খলা।
“পুলিশের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনগণের সহযোগিতা চাই। জনগণের প্রত্যাশা জানলে আমরা সেরকমই সার্ভিস দেব। যত ইন্টারঅ্যাকশন হবে, তত দূরত্ব কমবে। দূরত্ব কমলেই আস্থা বাড়বে।”
নগরীতে শিল্পায়নের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস উল্লেখ করে আইজি বলেন, এ কারণে শহরে পুলিশের কার্যক্রম ভিন্ন। শহরের মানুষ ভিন্ন কিছু চায়। গ্রামের পুলিশ দিয়ে নগরবাসীর চাহিদা পূরণ সম্ভব নয়। নগরবাসীর চাহিদা দিন দিন বাড়ছে।
“এখন আগের পুলিশিং নেই। এখন জনগণ ও সেবা ভিত্তিক পুলিশিং চলছে। তাই কমিউনিটি পুলিশিং চালু করেছি।”
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বৃটিশ আমলে পুলিশ ছিল শাসন-শোষণের জন্য। এখন পুলিশ শাসন-শোষনের জন্য নয়, প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য।
আরেক অতিথি সিএমপির সাবেক কমিশনার ওসমান আলী খান বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে। ভালো কাজ প্রমাণ করতে হবে। চট্টগ্রামের জনগণ জানে- কে, কি; কাকে সহযোগিতা করতে হবে।
সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, যদি আইন মানার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আইন প্রয়োগ ছাড়াই আইনের শাসন বাস্তবায়ন সম্ভব।
“জনপ্রত্যাশা পূরণে আমরা আপ্রাণ চেষ্টা করছি। জনগণের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সাথে অংশীদারিত্ব বাড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, অধ্যাপক জিনো বোধী ভিক্ষুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন আইজিপি শহীদুল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
