৩৮ বছর পেরিয়ে ‘আস্থার ঠিকানা’ হতে চায় সিএমপি
১৯৭৮ সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পথচলার ৩৮ বছর পেরিয়ে নগরবাসীর নিরাপত্তায় ‘আস্থার ঠিকানা’ হতে চায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয়েছে এক নাগরিক সংবর্ধনার।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সিএমপি কমিশনার ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জনমনে নিরাপত্তা বোধ তৈরি করতে চাই। চাই জনগণের সাথে সম্পর্ক স্থাপন এবং তাদের মধ্যে অংশীদারিত্বের বোধ বাড়াতে, যাতে পুলিশের সাথে মানুষের দূরত্ব কমে আসে।
“এজন্যই এবার আমরা শ্লোগান ঠিক করেছি ‘নিরাপত্তায় আস্থার ঠিকানা’। আস্থার ঠিকানা হতেই কাজ করব।”
জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন তৈরিতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও সব শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, মেয়র-সাবেক মেয়র, চট্টগ্রামের মন্ত্রী-সাংসদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, বিচারক, মুক্তিযোদ্ধা, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সামরিক বাহিনী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ চট্টগ্রামের সব শ্রেণি-পেশার প্রায় আড়াই হাজার মানুষকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনাও।
সিএমপি’র ওয়েবসাইটের তথ্য অনুসারে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যাত্রা শুরু করে ১৯৭৮ সালের ৩০ নভেম্বর।
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৮ এর অধীনে নগরীর দশ লাখ মানুষের জন্য গঠন করা হয় সিএমপি।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর প্রথম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন এম এম শরীফ আলী। ১৯৮০ সালের ১৭ জুলাই পর্যন্ত তিনি এ পদে ছিলেন।
যাত্রা শুরুর সময়ে সিএমপিতে ছিল ছয়টি থানা, ৩০টি ফাঁড়ি এবং ছয়টি পুলিশ বক্স।
শুরুতে সিএমপিতে উত্তর ও দক্ষিণে বিভক্ত দুটি অপরাধ বিভাগ, সদর বিভাগ, বিশেষ শাখা ও ট্রাফিক বিভাগ ছিল। পরবর্তীতে গোয়েন্দা বিভাগ এবং নিরাপত্তা ও প্রটোকল বিভাগের কার্যক্রম শুরু হয়।
১৯৮৮ সালে প্রতিষ্ঠা হয় দাঙ্গা নিয়ন্ত্রণ বিভাগ।
সময়ের সাথে সিএমপির থানা সংখ্যা বেড়ে হয়েছে ১৬টি। এখন ফাঁড়ির সংখ্যা ৩১টি, তদন্ত কেন্দ্র পাঁচটি এবং পুলিশ বক্স আগের মতই ছয়টি।
সিএমপির কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠার পর ৩৮ বছর পেরিয়ে এলেও আছে জনবলের ঘাটতি। এছাড়া নিজস্ব ভবন নেই কয়েকটি থানার।
নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সরকারি দেড় একর খাস জমিতে চলে সিএমপি সদর দপ্তরের কার্যক্রম। মাত্র কয়েক বছর আগে পুলিশ বিভাগের অনুকূলে স্থায়ী বরাদ্দ দেওয়া হয়।
“উপ-কমিশনার মর্যাদার কর্মকর্তাদের সবার জন্য নিজস্ব কার্যালয় নেই। তারা থানা ভবনে অফিস করেন। যানবাহনেরও স্বল্পতা আছে। খুলশী, বায়েজিদ ও সদরঘাটসহ কয়েকটি থানার নিজস্ব ভবনও নেই।”
এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, “আজকের দিনে ঘাটতির কথা বলতে চাই না। যা আছে তাই নিয়ে জনগণের সেবা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব।”
